নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : বাড়ির উঠোনে খেলছিল দুই বছরের শিশু সাফওয়ান ইসলাম মুন। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খুঁজতে বের হন মা। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে দেখেন, পানিতে ভাসছে তাঁর আদরের সন্তান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু সাফওয়ান উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের আরাজি শিকারপুর এলাকার শাকিল ইসলাম ও রেজওয়ানা আক্তার দম্পতির একমাত্র ছেলে। তাঁদের চার বছর বয়সী একটি মেয়ে আছে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে শিশু সাফওয়ানের দাদা-দাদি ও বাবা কেউ বাড়িতে বাড়িতে ছিলেন না। দুই ছেলেমেয়েকে বাড়ির উঠানে খেলতে দিয়ে রান্নাঘরে কাজ করছিলেন মা রেজওয়ানা আক্তার। কিছুক্ষণ পর ছেলে সাফওয়ানকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন তিনি।
এ সময় খুঁজতে খুঁজতে বাড়ি পাশের গোরস্তান পার হয়ে পুকুরপাড়ে গিয়ে দেখেন, সাফওয়ান পুকুরের পানিতে ভাসছে।
এ সময় চিৎকার দিয়ে শিশুটিকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন রেজওয়ানা। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় শিশুটিকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সায়েদ উল ইসলাম জানান, বোদা উপজেলার ঝলইশালশিরি এলাকার সাফওয়ান নামে ২ বছরের একটি শিশুকে পুকুরে পরে ভেসে ওঠায় হাসপাতালে নিয়ে আসা হয়।
শিশুটি কে দেখার পরে বুঝতে পারি হাসপাতালে আনার বেশ কিছুক্ষণ পূর্বেই তাঁর মৃত্য হয়েছে।
পুকুরের পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েল রানা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





