পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের বোদায়,বোদা উপজেলা এবং বোদা পৌর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে,শনিবার বিকালে মহিলা সমাবেশ এবং আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পঞ্চগড় জেলার বিএনপির সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এমপি। দিবসটি উপলক্ষে বোদা ধান হাটি মাঠে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সভাস্থল থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মহিলারা সভাস্থলে এসে যোগ দেন। মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে বোদা উপজেলা ও বোদা পৌর বিএনপির নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হাজার হাজার নারী অংশগ্রহণ করেছেন ।




