নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ‘পাঠ্যক্রম ভিত্তিক নাট্যভাবনা’ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত এটি চলবে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে আনন্দঘন পরিবেশ সৃষ্টি এবং কঠিন বিষয়গুলোকে শিক্ষার্থীদের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের লক্ষ্যেই পাঠ্যক্রমে নাট্যের অভিনব প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা প্রদান করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস । পুরো প্রোগ্রামটির বাস্তবায়নে কাজ করছে পঞ্চগড়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কারিগর’ ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এটি মূলত একটি পাইলটিং (পরীক্ষামূলক) প্রকল্প। এই প্রথম দফায় উপজেলার ১০ জন নির্বাচিত প্রাথমিক শিক্ষক অংশগ্রহণ করছেন। এই কর্মশালার পরে নির্বাচিত দশটি প্রার্থমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহণে কর্মশালা এবং সিলেবাস ভিত্তিক নাট্য প্রয়োজনা নির্মাণ করা হবে। এই প্রযোজনাগুলো তাদের স্কুল মাঠেই অভিভাবক, বিশিষ্টজন এবং স্থানীয় দর্শকদের সামনে প্রদর্শিত হবে। এতে শিশুদের জড়তা কেটে গিয়ে উপস্থাপনা এবং সিলেবাসের পড়া যেমন সহজে আয়ত্ব করতে পারবে একই ভাবে সামাজিক শিষ্টাচার, ভাষা, উচ্চারন, শরীর গঠন, খাদ্যাভ্যাস সহ নানা বিষয় সম্পর্কেও জ্ঞান লাভ করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা শ্রেণি কক্ষে পাঠ্যবইয়ের কঠিন ও জটিল বিষয়গুলোকে ছোট ছোট নাট্যরুপে রূপান্তর করতে শিখবেন। এতে শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে পড়ালেখা শিখতে পারবে, যা শিশুদের মেধা ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। কর্মশালাটি পরিচালনা করছেন বিশিষ্ট নাট্য নির্দেশক ও ‘কারিগর’-এর প্রধান নির্বাহী সরকার হায়দার। কারিগরের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ জানান, কারিগরের দীর্ঘদিনের এই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন এগিয়ে এসেছে। এটা অভ্যুত পূর্ব উদ্যোগ। এই চর্চার মাধ্যমে শিশুরা নিজের প্রতি, পরিবার এবং সমাজের প্রতি যত্নশীল হতে শিখবে। আমরা আশাকরি বর্তমান সরকারের শিক্ষা ও সাংস্কৃতিক মন্ত্রণালয় এগিয়ে আসবে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রার্থমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফেরদৌস আলম লিটন, কবি ফাহিম আহমেদ প্রমুখ।
