বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিরামপুর প্রিমিয়ার ফুটবল লিগ ২০২৬ সিজন-১।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিরামপুরের ঐতিহাসিক বড়মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে পায়রা উড়িয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী (রুবেল) এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম (রেজু)সহ আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড়, ক্রীড়ামোদী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিরা বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি তৈরি করে। স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে মাঠমুখী করার পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব বলেও তারা মন্তব্য করেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাহেবপাড়া যুব স্পোর্টিং ক্লাব ও বড়মাঠ একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রথমার্ধে সাহেবপাড়া যুব স্পোর্টিং ক্লাব একটি পেনাল্টির সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। শেষ পর্যন্ত কোন দলে গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে নাই।
খেলাটি পরিচালনা করেন রেফারি ভোলানাথ সরকার। তাকে সহযোগিতা করেন রায়হান আলী ও রনি। উদ্বোধনী ম্যাচকে ঘিরে ঐতিহাসিক বড়মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। তাদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
বিরামপুরের রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা, সচেতন মানুষের অংশগ্রহণ এবং খেলাপ্রেমী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় বর্তমানে বিরামপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী আনসার মাঠ, বড়মাঠ, সরকারি কলেজ মাঠসহ এলাকার বিভিন্ন মাঠে জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও ইসলামপাড়া যুব সমাজ ও সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের আয়োজনে আটটি দলের অংশগ্রহণে তিন দিনের নাইট ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে। এসব আয়োজন বিরামপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করার পাশাপাশি তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে সুযোগ তৈরি করছে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।
স্থানীয়ভাবে ফুটবলের এমন ধারাবাহিক আয়োজনের পেছনে সহযোগিতা করছেন বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটন, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম কাদিরুজ্জামান প্রিন্স, বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব পলাশ-বিন-আশরাফী, থ্রি স্টারের প্রোপাইটর সনেট সরকার, হিরোস অফ এইচএসকে এর স্বত্বাধিকারী আহসান হাবিব রিপন এবং তানিম স্যানেটারির স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম তানিমসহ আরও অনেকে। তাদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় বিরামপুরের বিভিন্ন মাঠে নিয়মিত ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
খেলাটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদ ও সামসুল আলম। তাদের প্রাণবন্ত ধারাভাষ্যে মাঠের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। ম্যাচটি SPORTS ZONE BIRAMPUR ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। লাইভ সম্প্রচারের দায়িত্বে ছিলেন পেজটির অ্যাডমিন টিমন মার্ডি।
আয়োজকরা জানান, বিরামপুর প্রিমিয়ার ফুটবল লিগ ২০২৬ সিজন-১ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়; এটি তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং বিরামপুরের ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার একটি উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও সহযোগিতা থাকবে।
