Type Here to Get Search Results !

ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণই রাস্তায় নামবে : সিবগাতুল্লাহ

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : বাংলাদেশে সংঘটিত অধিকাংশ ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। শনিবার পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে জেলা ছাত্রশিবির আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অনেক সময় বিচার প্রক্রিয়া থমকে যায়। দ্রুত বিচার না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। সিবগা বলেন, সম্প্রতি শিশু রামিসা হত্যাকাণ্ড পুরো দেশের মানুষকে নাড়া দিয়েছে। শুধু রামিসা নয়, অতীতেও দেশে বহু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু বিচার কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়ে যাওয়ায় অপরাধীরা পার পেয়ে যায়। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে এবং কেউ যাতে ধর্ষণ করে পার পেতে না পারে তা নিশ্চিত করবে। অন্যথায় জনগণই এসব ঘটনার বিচার নিশ্চিত করতে রাজপথে নামতে বাধ্য হবে। এ সময় তিনি নাসিরুদ্দিন নাসির- এর ওপর হামলার নিন্দা জানান। তিনি বলেন, মতের অমিল থাকতে পারে, তবে রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রকাশ্যে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিবগা অভিযোগ করেন, চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীর পা দ্বিখণ্ডিত করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতাদের ওপর হামলা হয়েছে এবং সর্বশেষ নাসিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মনে হচ্ছে দমন-পীড়নের সংস্কৃতি আবারও ফিরে আসছে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে নানা মত ও পথের মানুষ থাকবে। তাদের কথা বলার সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী আচরণ করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম, জেলা শিবির সভাপতি রাশেদ ইসলাম এবং জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ৭ম থেকে ১০ম শ্রেণির সিঙ্গেল ডিজিট রোলধারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies