আপেল বসুনীয়া, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার চিলাহাটির সব্দিগঞ্জ বনবিভাগে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান। অভিযান চলাকালে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৬ বিজিবির ডাঙ্গাপাড়া কোঃ কমান্ডার সুবাদার একেএম আলি আজাদসহ সঙ্গীও ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ এর ডিএডি আব্দুল আল মাসুদ
ডিএডি রোকন উদ্দিন, এসআই প্রতুল দাস, মতিউর রহমান সহ সঙ্গীও ফোর্স, এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম রব্বানীসহ সঙ্গীয় ফোর্স এবং বন বিভাগের বিট ও রেঞ্জ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যৌথ এই অভিযানে বন বিভাগের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
আদালতের রায়ে কাচু বাউরের ছেলে বাচ্চা বাউ, আব্দুল হকের ছেলে মঞ্জুরুল ইসলাম এবং বাবুল ইসলামের ছেলে শহিদুল ইসলামকে বালু উত্তোলন ও ব্যবসার দায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া একই অপরাধে সমর আলীর ছেলে হেলালকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে বালু পরিবহনে ব্যবহৃত ২টি মহেন্দ্র ও ১টি ডালা জব্দ করা হয়।
এর মধ্যে সোহেল শাহ ও সবুজের দুটি এবং পারভেজের একটি মহেন্দ্র ডালা রয়েছে।প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছে।

