বিরামপুরে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ, গণভোট বাস্তবায়নের দাবি
4/11/2026 09:28:00 PM
ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণভোটের ফলাফল বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের বিরামপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় একটি জোট।
শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরশহরের ঢাকা মোড় এলাকায় এ কর্মসূচি শুরু হয়।পরে পৌর শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন জোটের বিরামপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
লিফলেটে এবং কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দের বক্তব্যে অভিযোগ করা হয়, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশিত সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। তারা দাবি করেন, নির্বাচনের মাধ্যমে যে জনমত প্রতিফলিত হয়েছে, তা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ সময় তারা আরও বলেন, সংবিধান সংশোধন ও কাঠামোগত সংস্কারের বিষয়ে একটি পৃথক পরিষদ গঠনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এ সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে ভিন্নমত থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন বলে মত দেন তারা।
জোটের নেতারা অভিযোগ করেন, বিরোধী পক্ষের বিভিন্ন দাবি যথাযথ গুরুত্ব পাচ্ছে না। তারা সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান।
শেষে তারা গণতান্ত্রিক অধিকার রক্ষায় সকলকে শান্তিপূর্ণ ও আইনানুগ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আনোয়ারুল ইসলাম, বিরামপুর উপজেলা আমীর মো. হাফিজুল ইসলাম, সেক্রেটারি আবু হানিফ, বায়তুলমাল সম্পাদক শাখাওয়াত হোসেন, পৌর আমীর মাওলানা মামুনুর রশীদ, সেক্রেটারি মো. শাহিনুর রহমান শাহীনসহ অন্যান্যরা।
বিভাগ

