আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়া বাড়ী ইউনিয়নের ঝাড়পাড়া গ্রাম এলাকায় দুর্বৃত্তদের তাণ্ডবে প্রায় সাত বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। সোমবার গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে পাঁচ বিঘা জমির ভুট্টা ও দুই বিঘা জমির মরিচ গাছ কেটে ফেলে বলে অভিযোগ উঠেছে। সকালে কৃষকরা জমিতে গিয়ে ফসলের এমন ক্ষতি দেখতে পেয়ে হতবাক হয়ে পড়েন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান- জোড়াবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাহিবুল, তইবুল, নজু, ফারুক, লতিফ, বাপ্পী, মকলেস, কুলসুম বেগম, রমজানুল ও মিলনের পাঁচ বিঘা জমির ভুট্টা গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া রাশেদ, মজিবুল, মঞ্জুরুল ও মোস্তাকিনের দুই বিঘা জমির মরিচ ক্ষেত নষ্ট করা হয়েছে। এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। কৃষকরা জানান, চলতি মৌসুমে ভালো ফলনের আশায় তারা জমিতে সার, বীজ ও পরিচর্যায় ব্যাপক খরচ করেছেন। ফসল ঘরে তোলার আগমুহূর্তে এমন নাশকতায় তারা আর্থিকভাবে চরম বিপাকে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, ফলে এখন ঋণ পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা।
হঠাৎ এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তাদের দাবি, ফসলই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হলে তারা ন্যায় বিচার পাবেন এবং এলাকায় স্বস্তি ফিরবে।



