নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের বোদায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, '১৯৭১ সালের ২৫ মার্চ এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চ লাইটে’র নীলনকশা বাস্তবায়ন করে। বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। সেদিনের আত্মত্যাগেই অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। '
বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বলেন, '১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আন্তর্জাতিক গণহত্যার সংজ্ঞা অনুযায়ী সেটি আন্তর্জাতিক স্বীকৃতির দাবি রাখে। এসময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা বিশেষ ভাবে তুলে ধরে বলেন, জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা না দিলে আজ বাংলাদেশের গল্প অন্যরকম হতে পারতো। কিন্তু সেই মহান নেতাকে নিয়ে বিগত দিনে অপ রাজনীতি হয়েছিল যা ইতিহাসের পাতায় ভীষণ লজ্জার। আগামী তে সঠিক ইতিহাস চর্চার দিকে শিক্ষার্থীদের ধাবিত করতে হবে বলেও তিনি মত ব্যক্ত করেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, জিয়া পরিষদ সভাপতি জাকারিয়া সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
