আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ), রেজিস্ট্রেশন নং-১৩৩০১-এর ডোমার উপজেলা কমিটির উদ্যোগে স্থানীয় দরিদ্র, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের মাঝে আইনি সহায়তা ও আর্থিক ত্রাণ বিতরণ করা হয়েছে।
গত ২৩ মার্চ ২০২৬ আসফের ডোমার উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। কমিটির সভাপতি রুনা লায়লার নেতৃত্বে এরপর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে নির্যাতিত নারীদের আইনি অধিকার প্রতিষ্ঠা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের আইনি সুরক্ষায় কাজ করছে কমিটি।
পাশাপাশি অতিদরিদ্র ও দুস্থ মানুষের জরুরি প্রয়োজন মেটাতে আর্থিক ত্রাণ সহায়তাও দেওয়া হচ্ছে।
সভাপতি রুনা লায়লা বলেন, “অর্থের অভাবে কোনো দরিদ্র মানুষ যেন ন্যায়বিচার ও আইনি সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের মূল লক্ষ্য। আইনি সহায়তার পাশাপাশি অসহায় মানুষের কষ্ট লাঘবে আর্থিক সহায়তাও অব্যাহত থাকবে।”
তিনি জানান, ডোমার উপজেলার প্রতিটি ইউনিয়নের অবহেলিত ও অসহায় মানুষের কাছে আইনি সেবা পৌঁছে দিতে ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।







