নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো, চিলাহাটি ওয়েব : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, বিগত সরকারের সময় এক ইঞ্চি রাস্তাও পাকা হয়নি, সরকারের মেয়াদ পূর্তির আগেই আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। জনগণের ট্যাক্সের টাকায় সরকারি বরাদ্দে এসব রাস্তার কাজ শুরু হচ্ছে। তাই কাজের গুনগত মানে কোন ছাড় দেয়া হবেনা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী মালকাডাঙ্গা ও বগদুলঝুলা এলাকায় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
রাস্তা উদ্বোধন শেষে বড়শশী ইউনিয়ন বিএনপির আয়োজনে বগদুলঝুলা কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ ফরহাদ হোসেন আজাদ।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে বড়শশী ইউনিয়নের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিলো। নির্বাচনী প্রচারণায় এই এলাকার মানুষের কাছে রাস্তাঘাট সহ আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকারের এই ৭ মাসের মধ্যে এখানে দুটি রাস্তা পাকাকরণ এর কাজ শুরু হলো। যার ফলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের চরম দূর্ভোগ থেকে রেহাই মিলবে। এবং পাশাপাশি নদী তীরবর্তী এলাকার উৎপাদিত কৃষি পণ্য নির্বিঘ্নে শহরমুখি করা যাবে। যা স্থানীয় অর্থনিতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রতিমন্ত্রী এসময় বিএনপি নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা কে তরান্বিত করতে নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী সাবধানবাণী উচ্চারণ করে আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কে রুখে দিতে বর্তমানে বিরোধী দল ফ্যাসিস্টদের সাথে মিলে গিয়ে কখনও নয় দফা কখনো এগারো দফা দিয়ে লংমার্চ করে সরকার পতনের ভয় দেখাচ্ছেন। তারা ভুলে গেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি মানুষের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে। তাই ধর্মীয় সুরসুরি দিয়ে যারা রাজনীতি করতে চান তাদের রুখে দিতে তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
সমাবেশে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটন সহ বিএনপি,এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার নারী পুরুষ এসময় সমাবেশে অংশগ্রহণ করেন।






