নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের রঙিন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করে।
বোদা উপজেলা ধানহাটি মাঠ থেকে বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার স্মৃতি চারন সহ বিএনপির আন্দোলন সংগ্রাম ও দেশ গড়ার নানা পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এর আগে দেবীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালী শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
পানিসম্পদ প্রতিমন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি 'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী, দলটির দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কে সহযোগিতা করে আধুনিক বাংলাদেশ গড়ার শপথ নিতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান।
এসব কর্মসূচিতে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন হ্যাপি, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম প্রধান রিয়েল , পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
