আজিমুল ইসলাম : নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের পর বাড়ির পাশে মাছ ধরতে যান তোফাজ্জল হোসেন। এ সময় সেচপাম্পের খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা দেন।
পথে বামুনিয়া কাছারি এলাকায় পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তোফাজ্জাল হোসেন আর বেঁচে নেই। পরে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

