Type Here to Get Search Results !

জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর- আজাদ

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো, চিলাহাটি ওয়েব : জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে অভিযোগ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কোনরকম ভোগান্তি ছাড়াই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ শুরু করেছে। ইরান - ইসরাইল যুদ্ধের প্রভাবে সারা বিশ্বেই তেল গ্যাস ও বিদ্যুৎ এর ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সংকট পরিস্থিতি মোকাবেলা করছে। অচিরেই আমাদের দেশে যে বিদ্যুৎ ঘাটতি রয়েছে তা কেটে যাবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকার প্রচুর টাকা ঋণ করে নিজেদের পছন্দের লোকজনের মাধ্যমে বিদ্যুৎ ক্রয় দেখিয়ে ব্যাপক লুটপাট করেছে। যার ফলশ্রুতিতে বর্তমান সরকার সংকট দূর করতে কিছুটা বেগ পেলেও ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশে বিদেশে এই সংকট মোকাবেলায় কাজ শুরু করেছে। যার ফলে ইতিমধ্যেই বিদ্যুৎ এর ঘাটতি দূর হতে শুরু করেছে। তিনি আরও বলেন, এই বিদ্যুৎ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সহায়তা নিয়ে এই অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হলো। এর ফলে প্রায় সাড়ে দশ হাজার মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেতে পারবে। এই সাব অফিসের মাধ্যমে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের প্রান্তিক মানুষ এখন থেকে কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত বিদ্যুৎ সেবা ও অভিযোগের প্রতিকার পাবেন।" উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ সাহা, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল আলম খান, পঞ্চগড় জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মাজহারুল আলম এবং ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ঐকান্তিক ও বিশেষ প্রচেষ্টায় এই সাব অফিসটি চালু করা সম্ভব হয়েছে। নতুন এই অভিযোগ কেন্দ্রটি চালু হওয়ার ফলে স্থানীয় গ্রাহকেরা এখন থেকে আরও দ্রুত ও সহজে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পাবেন। সেই সাথে এলাকায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলেও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এর আগে প্রধান অতিথিকে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। এসময় বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ পল্লী বিদ্যুৎ সমিতির উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন। পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ফিতা কেটে অভিযোগ কেন্দ্রের আনুষ্ঠানিক উদবোধন ঘোষণা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies