আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের সবুজপাড়ার একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন এলাকাবাসীর দুর্ভোগের প্রতীক। বর্ষা এলেই কাদায় ডুবে যায় পুরো রাস্তা, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় পরিণত হয়। এতে পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কাঁচা রাস্তায় নিয়মিত মহেন্দ্র চলাচল করায় রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। ফলে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে। সবুজপাড়ার মানুষের একটাই প্রত্যাশা—দ্রুত সংস্কার হোক এই সড়ক, ফিরুক স্বাভাবিক ও নিরাপদ চলাচল।

