Type Here to Get Search Results !

স্মৃতির পাতায় সাংবাদিক রতন সরকার

১৩ জুলাই এলেই মনে পড়ে যায় এক নির্ভীক, অনুসন্ধানী এবং মানবিক সাংবাদিকের কথা—রতন সরকার।
তাঁর চলে যাওয়ার খবরটি আজও যেন বিশ্বাস করতে কষ্ট হয়। সময়ের ব্যবধানে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তাঁর কর্ম, সততা এবং সাহসী সাংবাদিকতা আজও স্মৃতিতে অম্লান।
ঘটনাটি ২০১২ সালের। তখন আমি দৈনিক আজকালের খবর পত্রিকায় চিলাহাটি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেছি। একদিন খবর পেলাম, চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কামারপাড়ার যতীন কর্মকারের মেয়ে রিংকি রানী কথিত 'জিনের বাদশা'র প্রতারণার শিকার হয়ে একটি গরু বিক্রিসহ বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন।
ঘটনার গুরুত্ব বুঝে আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাই আমার চিরচেনা সাংবাদিক রতন সরকার ভাইকে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁর অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে কথিত 'জিনের বাদশা'র প্রতারণার ঘটনাটি সময় টেলিভিশনে প্রচারিত হয়। প্রতিবেদনটি এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং প্রতারণার বিষয়টি সবার সামনে তুলে ধরে। একজন সাংবাদিক হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর তাঁর সেই আন্তরিকতা আজও আমার মনে গভীরভাবে গেঁথে আছে। 
পেশাগত জীবনে রতন সরকারের সাংবাদিকতা শুরু হয় ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত নীলসাগর পত্রিকায়। এরপর তিনি দৈনিক মাতৃভূমি, দৈনিক করতোয়া, আমাদের সময়, খোলা কাগজ এবং রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলী পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেন। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়াতেও তিনি ছিলেন সমান দক্ষ।
তিনি এটিএন বাংলা, এটিএন নিউজ, সিএসবি নিউজ, ডিবিসি নিউজ এবং সময় টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে প্রায় এক দশকেরও বেশি সময় সময় টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি হিসেবে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সাংবাদিক অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন। আজ তাঁর প্রয়াণের ৩ বছর পূর্ণ হলো।
সময় চলে যায়, কিন্তু কিছু মানুষ তাঁদের কর্ম আর আদর্শ দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। রতন সরকার তেমনই একজন মানুষ। তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে—এটাই আমার সাংবাদিকতা জীবনের এক মূল্যবান স্মৃতি। তাঁর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ।
মহান আল্লাহ তাঁর আত্মার মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য দান করুন।
 
 
লেখক- আপেল বসুনীয়,
            সাংবাদিক- দৈনিক আজকালের খবর
বিভাগ

Top Post Ad

Hollywood Movies