নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের বোদা উপজেলায় কাকাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়ির সদস্যদের সাথে মন্দিরে পূজা দিতে গিয়েছিল পাঁচ বছরের বয়সী শিশু সূর্য চন্দ্র রায়। এসময় মন্দিরের সামনে সড়কে দাঁড়িয়ে ছিল সে। পরে আরেকটি শিশু সহ রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ৬ মাস আগে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সূর্যের মা মারা যান।
ঘটনাটি ঘটেছে উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের মিলগেট-মাড়েয়া সড়কের বোয়ালিমারি এলাকায়।
নিহত সূর্য চন্দ্র রায় উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের বোয়ালিমারী এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কাকাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বোয়ালিমারী বাজারের পাশে মন্দিরে বাড়ির লোকজনদের সাথে মন্দিরে পূজা দিতে যায় পাঁচ বছর বয়সী শিশু সূর্য চন্দ্র রায়। এসময় মন্দিরের মূলগেট তালাবদ্ধ থাকায় একজন চাবি আনতে যান পুরোহিতের বাসায়। আর মন্দিরের সামনে মিলগেট-মাড়েয়া সড়কের পাশেই দাঁড়িয়েছিল সূর্য সহ পূজা দিতে যাওয়া লোকজন। এসময় বালুবাহী একটি ট্রাক তেপুকুরিয়া বাজার থেকে মাড়েয়ার দিকে যাচ্ছিল। তবে ট্রাকটি হর্ণ দিলেও ঢোলের বাদ্যের কারণে শুনতে পায়নি লোকজন। এসময় হঠাৎ করে ট্রাকের সামনে দিয়ে আরেক শিশুর দেখাদেখি সূর্যও রাস্তা পার হতে শুরু করে। সেই শিশুটি পার হয়ে গেলেও সূর্য ট্রাকের নিচে পড়ে যায়। এসময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সূর্যকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্রাক সহ চালক ও সহকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে নিহতের স্বজনেরা এখনো থানায় কোন অভিযোগ দায়ের করেননি। যদি তারা থানায় অভিযোগ বা মামলা আদায় করেন তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।