নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : সারাদেশের মতো পঞ্চগড় জেলাতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ৯টায় পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবু সাইম।
এছাড়াও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পঞ্চগড় জেলার ৫ টি উপজেলায় ১ লাখ ৭১ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকল অভিভাবকের প্রতি নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
উদ্বোধনের পর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, স্বাস্থ্য বিভাগের কর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকেরা বয়স যাচাই করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন। শিশুদের সঙ্গে আসা অভিভাবকদেরও ছিল স্বত:স্ফূর্ত উপস্থিতি।
জেলার বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর জানান, উপজেলার ২৪১ টি কেন্দ্রে একযোগে ভিটামিন-এ ক্যাপসুল বয়স ভেদে খাওয়ানো হচ্ছে। কোন শিশু যেন এই সেবা থেকে বাদ না পরে, সেই জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা মিজানুর রহমান বলেন, জেলায় ১০৭৭ টি কেন্দ্রে একযোগে সকাল থেকে বিকেল পর্যন্ত ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রংয়ের (৩ লাখ আইইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলায় প্রায় শতভাগ শিশু ক্যাম্পেইন এ অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী।