বিরামপুর প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুরে গত ১৫ ও ১৬ জুন পরিচালিত পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ( ১৬ জুন) রাত ১টা ৫৫ মিনিটে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের পেছনে অভিযান চালিয়ে মোঃ তাজমল হোসেন (৪৬), মোছাঃ লাইলী বেগম (৩৭) এবং মোঃ সবুজ (২৩)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়াওগত সোমবার (১৫ জুন) বিকেল ৩টা ১০ মিনিটে বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর (মুন্সিপাড়া) এলাকায় অবস্থিত বিরামপুর ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে মোঃ আসমান আলী (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন বিকেল সাড়ে ৫টায় উপজেলার খানপুর ইউনিয়নের বটতলী এলাকায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে মারিয়া সরেন (৫০) নামে এক নারীকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।