আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের শূন্য রেখার কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃত শিশুরা হলো—নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইরফান (১২), ঢাকার কোনাবাড়ির সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জের ছাতকের সাব্বির (১০)। তারা একে অপরের বন্ধু বলে বিজিবিকে জানিয়েছে।
বিজিবি ৫৬ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে- সোমবার রাতে ডোমারের ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৮২/৪-এর কাছে ওই শিশুদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা শূন্য রেখা থেকে মাত্র ২০ গজ অভ্যন্তরে অবস্থান করছিল।
বিজিবির টহল দল বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা অভাবের তাড়নায় বা কাজের সন্ধানে বাড়ি থেকে পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিল। পরে রাত ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে বিজিবি তাদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- শিশুরা বর্তমানে থানা হেফাজতে নিরাপদে রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।
পরিবারের লোকজনকে পাওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুদের তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

