রাকিবুল হাসান, স্টাফ রিপোর্টার : নীলফামারীর ডোমারে লাইসেন্স বিহীন বিএডিসি’র সার কালোবাজারে বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম অংশ নেয়। গত বুধবার বিকেলে উপজেলার গোমনাতী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে সার ব্যবসায়ী নুর আলমকে অর্থদন্ড দেন আদালত।
স্থানীয়রা জানান, গোমনাতী বাজারের সার ব্যবসায়ী নুর আলম দীর্ঘদিন থেকে বিভিন্ন ডিলার পয়েন্ট থেকে সার তুলে কালোবাজারে বিক্রি করে আসছে। গত মঙ্গলবার গোমনাতী ইউনিয়নের সার ব্যবসায়ী নুর আলমের দুই ভ্যান বিএডিসির সার ভোগডাবুরী ইউনিয়নের থানা বাজার এলাকায় আটক করা হয়। জব্দকৃত সার বিএসের মাধ্যমে ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের গুদামে রাখা হয়। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তাকে অবগত করা হয়।
ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু সার আটকের বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(২) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গোমনাতী বাজার সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীনভাবে বিএডিসির সার বিক্রির অপরাধে নুর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
