নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড় জেলা শহরের টিন পট্টি রোড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।অগ্নিকান্ডের ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের ফেন্সি হার্ডওয়্যার সহ ৬টি দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়েছে। তবে রাতে ক্ষতিগ্রস্থ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করে।
অগ্নিকান্ডের সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শটসার্কিট থেকে সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের দাবি কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে পথে বসেছেন তারা।
স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত ভয়াবহ ছিল। অল্প সময়ে যেভাবে ৬টি দোকানের সব মালামাল পুড়েছে তাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বাজারের পরিস্থিতি ভয়াবহ ছিল। অগ্নিকান্ডের ঘটনাস্থলের পাশে কাপড়ের মার্কেট ছিল। রাতে আগুনের ফুলকি দেখে বাজারের থাকা লোকজনের চিৎকারে জড়ো হতে থাকে মানুষজন। পরে শহরের মসজিদের মাইকে আগুন নেভাতে সবার সহযোগিতা কামণা করা হয়।
এদিকে, পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। একই সাথে এখন পর্যন্ত ৬টি দোকানে অগ্নিকান্ডের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও অগ্নিকান্ডের কারণ জানা যায় নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিটে এ ঘটনা ঘটেছে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বুধবার(২৫মার্চ) সকাল ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাজার ও দোকান পরিদর্শন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সাথে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দোকান পুড়ে গেছে তারাই বোঝে ক্ষতির পরিমাণ কেমন। এটা সহযোগিতা করে পূরণ করা সম্ভব নয়। যেখানেই কোন দুর্ঘটনা ঘটুক না কেন দলমত, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এক হয়ে ছুটে গিয়ে সহযোগিতা করবো। এখানে চেম্বার অব কমার্স, বণিক সমিতি সহ সকলে মিলে আমরা ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবো আশা করি তারা কিছুটা ক্ষতি সামলে উঠতে পারবেন। গতকাল অগ্নিকাণ্ড নিভানোর সময় আমাদের দলীয় নেতা কর্মীরা ছিলেন তারা সহযোগিতা করেছেন।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের বলেছি, আপনারা জেলা প্রশাসন বরাবর আবেদন দেন। আপনাদের ক্ষতিপূরণ করা তো সম্ভব নয় যতটুকু পারি আমরা আপনাদের পাশে দাঁড়াবো।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মোসা শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন সহ দলীয় নেতাকর্মীরা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল সহ দলীয় নেতাকর্মীরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন।