শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা-তে এক হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে স্বামীর নৃশংস হামলায় গুরুতর দগ্ধ হয়েছেন এক গৃহবধূ।
মঙ্গলবার সকালে পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ইউসুফ আলীর ছেলে সলেমান আলী তার স্ত্রী নার্গিস বেগম (২৫)-এর মুখমণ্ডলে ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে নার্গিস বেগমের মুখমণ্ডল মারাত্মকভাবে ঝলসে যায় এবং ফোসকা পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দুপুর ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।