নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই সহায়তা প্রদান করে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব ঢেউটিন ও চেক তুলে দেন পঞ্চগড়-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
জানা গেছে, উপজেলার বোদা সদর, ঝলইশালশিরী, ময়দানদিঘী, বেংহারী, বড়শশী এবং সাকোয়া ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তালিকাভুক্ত পরিবারগুলোর মাঝে এই সহায়তা বণ্টন করা হয়। তালিকায় থাকা সুবিধাভোগীদের প্রত্যেক পরিবারকে পুনর্বাসনের জন্য ১ বান্ডিল করে ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
ঢেউটিন ও অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "সরকার সবসময় যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য এই তাৎক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।"
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, ত্রান, দুর্যোগ ও প্রকল্প কর্মকর্তা ওয়ালিফ মন্ডল সহ বোদা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






