আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের তেলিপাড়ায় বর্ষা মৌসুমে পানির স্রোতে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে।
জমির ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় প্রতিবছরই ভাঙনের শিকার হচ্ছে কৃষিজমি। এরই মধ্যে ভাঙনের কারণে প্রায় ৬৭ হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে আছে।
স্থানীয়রা জানান, বর্ষায় অতিরিক্ত পানি জমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় মাটির ব্যাপক ক্ষয় হয়। ধীরে ধীরে জমির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে আবাদযোগ্য জমি কমে যাচ্ছে। এতে কৃষিনির্ভর পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভও বাড়ছে।
এলাকাবাসীর দাবি, পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও জমির ভাঙন রোধে তেলিপাড়ায় (আপার চিলাহাটিতে) দ্রুত একটি সুইসগেট কিংবা সাইফুন নির্মাণ করা প্রয়োজন। তাদের মতে, এ ধরনের স্থাপনা নির্মাণ করা হলে বর্ষার পানির স্রোত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বিপুল পরিমাণ আবাদি জমি।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সরেজমিন পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একটি সুইসগেট বা সাইফুন নির্মাণ হলে শুধু ভাঙন রোধই নয়, দীর্ঘদিন অনাবাদি থাকা জমিগুলোও আবার কৃষিকাজের আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছেন এলাকাবাসী।

