আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে রাসায়নিক সার, কীটনাশক ও বীজ ব্যবসায়ী এবং ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয় এবং এসব বিষয়ে সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় কাহারোল কমিউনিটি সেন্টারে কাহারোল উপজেলা রাসায়নিক সার, কীটনাশক, বীজ ও খুচরা সার বিক্রেতা ডিলার কল্যাণ সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
কাহারোল উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
সভায় সার ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা, ব্যবসায়িক প্রতিবন্ধকতা ও দাবি-দাওয়া তুলে ধরেন। পরে এসব দাবি বাস্তবায়নের জন্য সংসদ সদস্য, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম সার ব্যবসায়ীদের পাশাপাশি কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। কৃষকদের কাছে সার, বীজ ও কীটনাশক যথাসময়ে ও সঠিকভাবে পৌঁছে দিতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাদশা; দিনাজপুর জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী; কাহারোল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদিকুল ইসলাম সাদেক; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. অলিউর ইসলাম; উপজেলা জামায়াতের আমির মো. তরিকুল ইসলাম এবং কাহারোল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা।
এ সময় কাহারোল উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, রাসায়নিক সার-কীটনাশক ও বীজ ব্যবসায়ী সমিতির ছয়টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, ডিলার এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

