আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির দালালগঞ্জে সড়কের ভাঙা অংশ দিয়ে যাওয়ার সময় ১০ চাকা ইটভর্তি একটি ট্রাক উল্টে গেছে। এ ঘটনায় সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দালালগঞ্জের ওই সড়কের একটি অংশ বেশ কিছুদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। এর মধ্যে ইটভর্তি ট্রাকটি ওই স্থান অতিক্রম করার সময় সড়কের ভাঙা অংশে পড়ে উল্টে যায়।
ট্রাকটি উল্টে যাওয়ার পর সড়কে থাকা ইট ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ইট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের ভাঙা অংশ দ্রুত সংস্কার করা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। তাই সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।








