বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান
>পারুল নিশা <
স্মৃতিচিহ্নের বেলাভূমে জ্যোৎস্না পুড়িয়ে
তোমরা প্রত্যাশার আঁধার নামাও।
এখানে জোয়ার আসে, আসে শোক।
পানি বাড়ে, ঘর ভাঙে, মানুষ ভাসে।
জলের তোড়ে ভেসে যায় জীবনের সাধ...
কারো লাশের, কারো ক্ষুধার।
ত্রাণের বস্তা যায় নেতার গোডাউনে,
কোলে ক্ষুধার্ত শিশু নিয়ে
খালি হাতে ফেরে অসহায়া মা ।
রাতের আঁধারে কুকুরও ডাকে না,
শুধু স্রোতের শব্দ...
গিলে খাওয়ার শব্দ।
স্মৃতি তো কবেই পঁচে গেছে/
নোনা জলে, মিথ্যে আশ্বাসে,
বিবেকহীন মানুষের পায়ের তলায়।
বাঁচার প্রত্যাশা ডুবে গেছে।
নৌকার অভাবে, বিবেকের অভাবে,
মানুষের মনুষ্যত্বের অভাবে।
কবির কলমে আর জ্যোৎস্না ওঠে না
ওঠে শুধু হাহাকার।
ওঠে শুধু প্রশ্ন, মানুষ কবে মানুষের পাশে রবে
মানুষ কবে মানুষ হবে?