Type Here to Get Search Results !

তরুণদের কর্মসংস্থানে অবিশ্বাস্য অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ সৃষ্টি করে বাহিনীটি দেশের বেকারত্ব হ্রাসে কার্যকর অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) সকাল ৯টায় দিনাজপুরের আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটর ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়। জব ফেয়ারে রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬টি জেলার মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্নকারী আনসার-ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন। এ আয়োজনের মাধ্যমে ১২৬ জন আনসার-ভিডিপি সদস্যের প্রাণ-আরএফএল কোম্পানিতে ড্রাইভার ও ড্রাইভারস হেলপার পদে চাকরি নিশ্চিত করা হয়। প্রশিক্ষণের পাশাপাশি সরাসরি নিয়োগের সুযোগ সৃষ্টি করায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের কর্মজীবনে প্রবেশের পথ আরও সহজ হয়েছে। উল্লেখ্য, এপ্রিল ২০২৬ থেকে মে ২০২৬ পর্যন্ত সময়ে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারী মোট ১৫২ জন তরুণ আনসার-ভিডিপি সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মসংস্থানমুখী উদ্যোগের একটি উল্লেখযোগ্য সাফল্য। তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থানের কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies