ছাদেকুল ইসলাম রুবেল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালেই ঝরে গেল এক সম্ভাবনাময় তরুণ প্রাণ। ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছে এসএসসি পরীক্ষার্থী ও সাংবাদিক পুত্র মাসুদ রানা রিফাত (১৭)। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বিদ্যালয় ও পুরো এলাকাজুড়ে।
গত ৩১ মে, রবিবার সকাল ১১টার দিকে পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামে নিজ বাড়ির পাশে ডাব পাড়তে নারিকেল গাছে উঠেছিল মাসুদ। অসাবধানতাবশত হাত ফসকে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত মাসুদ রানা রিফাত পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামের বাসিন্দা, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম সরকারের কনিষ্ঠ পুত্র। তিনি পলাশবাড়ী প্রমিজ প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
১৫ জুন সোমবার দুপুরে প্রমিজ বিদ্যালয়ের নিজস্ব রুমে রিফাদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালক, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে মরহুমের জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দোয়া মাহফিলে পুত্রহারা বাবা সাংবাদিক শাহ আলম সরকার কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত সকলের কাছে তার প্রিয় সন্তানের জন্য দোয়া কামনা করেন। তার সেই বেদনাভরা আহ্বান উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে এবং এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
