চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নে বিয়ের দাবিতে ৪২ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কেতকীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকার ফয়জুল ইসলাম ও রুপালী বেগমের ছেলে রোমানের সঙ্গে প্রায় ছয় বছর ধরে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার দাবি, দীর্ঘদিন সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিলেও এখন তা এড়িয়ে যাচ্ছেন রোমান।
গত ২৬ মার্চ বিয়ের দাবিতে রোমানের বাড়িতে আসেন ওই তরুণী। এরপর থেকে এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। এদিকে ঘটনার পর থেকেই প্রেমিক রোমান বাড়ি ছেড়ে পালাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা বিষয়টি সমাধানের জন্য উভয় পরিবারের সঙ্গে কথা বললেও এখনো কোনো সমাধান হয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

