Type Here to Get Search Results !

রোমাঞ্চকর ফাইনালে চ্যাম্পিয়ন সুমন স্মৃতি ফাইটার্স

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :বিরামপুরের ঐতিহ্যবাহী বড় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বিরামপুর চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিরামপুর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ও বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি ও Heroes Of HSK এর সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট সম্পন্ন হয়। শনিবার (৪ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় থানাপাড়া নেক্সাস ও সুমন স্মৃতি ফাইটার্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সুমন স্মৃতি ফাইটার্স। প্রথমে ব্যাট করে থানাপাড়া নেক্সাস নির্ধারিত ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সুমন স্মৃতি ফাইটার্স। মাত্র ৯ ওভার ২ বলেই ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে তারা জয় নিশ্চিত করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৯ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে ট্রফিসহ ৬ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্টে মোট ৫টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো—তানিম স্যানেটারি সুপার কিংস, আদিবা ফার্নিচার, Heroes Of HSK, সুমন স্মৃতি ফাইটার্স ও থানাপাড়া নেক্সাস। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেন সাদাফ সানি (৩৫৯ রান) এবং সর্বোচ্চ উইকেট শিকারি হন মাশরুদ তাহমিদ (১৪ উইকেট)। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সাদাফ সানি। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন সেলিম রেজা এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন রোকুনুজ্জামান বাপ্পী। ধারাভাষ্যকার সামসুল আলম ও আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার (অপু), বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটন, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান ইসলাম, দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবীণ খেলোয়াড়গণ। এ সময় Sports Zone Birampur ফেসবুক পেজের অ্যাডমিন টিমন মার্ডি, অফিসিয়াল স্কোরার ও স্কোরবোর্ড পরিচালনাকারীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বেস্ট ফিল্ডার হিসেবে তাইফুর, মাসুম ও নিরবকে পুরস্কৃত করা হয়। ১৪ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে লিজেন্ড খেলোয়াড়দের মধ্যে বাদশা আলমগীর এবং ভালো পারফরম্যান্সের জন্য ইজাহারুলকে সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় ক্রীড়াঙ্গনে এমন আয়োজন নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies