Type Here to Get Search Results !

ইউএনও'র উপর হামলার ঘটনায় মামলা

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের (ইউএনও) উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 
শনিবার (২৫ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে আরো ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। জানা যায়, মামলার পরপরই রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযুক্তদের ধরতে সম্ভাব্য স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই পাম্পের তেল বিক্রয় স্থগিত করা হয়েছে। জানা যায়, গতকাল শনিবার পেট্রোল সরবরাহের বিষয়টি জানতে পেরে ভোর থেকেই উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার সংলগ্ন মের্সাস জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লাইন দীর্ঘ হতে থাকে। বেলা সাড়ে ১২টায় তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনের জন্য ওই পাম্পে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। ঘটনাস্থলে পৌঁছেই তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকদের স্থান ত্যাগ করার নির্দেশ দেন। এই সময় দুইজন মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় উভয়কে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এই সময় লাইনে অপেক্ষমাণ অন্তত ৩০-৪০ জন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করে। ধারণা করা হচ্ছে তাদের কারোরই মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ছিল না। এই সময় ইউএনও ও সাথে থাকা আনসার সদস্যের দিকে তেড়ে আসে তারা। এক পর্যায়ে ধাওয়া করা হয়। পরিস্থিতির অবনতি হলে ইউএনওকে পরে পার্শ্ববর্তী এক বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এই সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে কিলঘুষি দিয়ে তার সাথে থাকা অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies