আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির গোসাইগঞ্জে মানবিক ও ধর্মীয় আবহে উদযাপিত হলো গোসাইগঞ্জ অরফান’স ট্রাস্টের ১৪তম বর্ষপূর্তি।
এ উপলক্ষে বুধবার গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে হিফজুল কুরআন প্রতিযোগিতা, অসহায়দের মাঝে পোশাক বিতরণ, দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফফাজুল কুরআন ফাউন্ডেশন রংপুর-২ জোনের শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মূর্তাজা হাসান হাফিজাহুল্লাহ।
গোসাইগঞ্জ অরফান’স ট্রাস্টের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন (রাজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় হাফেজ ও ওলামায়ে কেরামগণ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের মওলভী শিক্ষক দেলোয়ার হোসেন।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহব্যঞ্জক পরিবেশ সৃষ্টি হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অসহায় ও এতিমদের মাঝে পোশাক বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এতিম ও অসহায়দের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোসাইগঞ্জ অরফান’স ট্রাস্টের সাবেক সভাপতি রাকিবুল হাসান শাসন।


