চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি এলাকায় দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের। হাতে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যের দাবি করা একটি বানর নিয়ে মানুষের ভাগ্য গণনা করছেন মিলন মিয়া।
তার ভাষ্য অনুযায়ী, এই বানরটি চার পুরুষ ধরে তাদের পরিবারের সঙ্গী।
মিলন মিয়া জানান- তার দাদা, পরদাদা ও প্রপিতামহ—তিন প্রজন্ম এই বানর দিয়ে বিভিন্ন এলাকায় মানুষের ভাগ্য গণনা করতেন। তিনি এখন সেই ধারাবাহিকতার চতুর্থ প্রজন্ম। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার অন্তর্গত, ঝিনাইদহ জেলায়। সেখান থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে এই ঐতিহ্য ধরে রেখেছেন।
গ্রাম থেকে শহর—বিভিন্ন হাটবাজারে ঘুরে মানুষকে ভাগ্য দেখিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। স্থানীয়দের মধ্যে এ নিয়ে কৌতূহলের কমতি নেই। অনেকেই ভিড় করছেন ‘ঐতিহ্যের বানর’ একনজর দেখতে এবং নিজের ভাগ্য জানতে। কেউ এটিকে পারিবারিক ঐতিহ্য বলে প্রশংসা করছেন, আবার কেউ দেখছেন বিনোদনের ভিন্ন মাত্রা হিসেবে।
মিলন মিয়া বলেন- “এটা শুধু আমাদের জীবিকা নয়, এটা আমাদের চার পুরুষের ইতিহাস ও বিশ্বাসের অংশ।” চিলাহাটিতে এই ব্যতিক্রমী আয়োজন এখন এলাকাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু।

