নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল ও একটি নাইটকোচের সংঘর্ষে শিশু সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
জানা যায়, দেবীগঞ্জ পৌরসভার সিঙ্গার শোরুমের মালিক আমিরের ছোট ভাই আজাদের স্ত্রী মমতা ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা সড়ক দুর্ঘটনায় নিহত হন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে ইফতার শেষে ফেরার পথে দেবীগঞ্জ পৌর শহরের নতুন বন্দর এলাকার শহীদ মান্নান সড়কে দেবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকা-গামী নাদের নাইটকোচের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
স্থানীয়রা দ্রুত আহত চারজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা ও তার মেয়ে মুনতাহাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন মনিরুল ও মোবাশ্বিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মোটরসাইকেলে আজাদের স্ত্রী মমতা ও জমজ দুই শিশু-মোবাশ্বিরা ও মুনতাহা ছিলেন।
দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আজাদের ভাগিনা মোঃ মনিরুল ইসলাম (৩০), তিনি চড়পাড়া সুন্দরদিঘী গ্রামের বাসিন্দা মোঃ মোজাম্মেল হকের ছেলে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। ঢাকা-গামী নাদের নাইটকোচটি স্থানীয়রা উপজেলার সোনাহার বাজারে আটক করেন। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সোনাহার বাজার কাউন্টার থেকে চালককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।