Type Here to Get Search Results !

প্রতিমন্ত্রী হলেন পঞ্চগড়ের সংসদ সদস্য ফরহাদ হোসেন

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পঞ্চগড়-২ আসনের (বোদা ও দেবীগঞ্জ) নব নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। স্বাধীনতার পর এই আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের সদস্য হলেন। এর আগে এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ফরহাদ হোসেন আজাদের শপথ গ্রহণ দেখার জন্য বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে এলইডি পর্দার ব্যবস্থা করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উপজেলা বিএনপির আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়। এছাড়া দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে বড় পর্দায় শপথ গ্রহণ দেখার ব্যবস্থা করা হয়। পরে উপজেলা বিএনপির আয়োজনে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ফরহাদ হোসেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব। তিনি ২০১৮ সালে পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। ফরহাদ হোসেনের গ্রামের বাড়ি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে। ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা ফরহাদ হোসেন রাজশাহী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুজিব হলের আহ্বায়ক, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ছিলেন। পরে তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পান। ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক এবং বাফুফের জাতীয় ফুটবল লিগের সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies