Type Here to Get Search Results !

ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় ব্যুরো : দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই একটি বড় স্বাস্থ্যঝুঁকি। তাই ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি আয়োজন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিকসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরো বলেন, আমাদের প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমাতে না গিয়ে বরং কিছুটা পথ হাটাহাটি করা উচিত। এতে করে যেমন স্বাস্থ্য সুরক্ষা হবে তেমনি ডায়াবেটিসের মতো একটি রোগকে প্রতিহত করা যাবে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষা রাখতে নিয়মিত ব্যায়াম ও শারীরিক কসরত চালু রাখতে হবে। বিশ্ব ডায়াবেটিস দিবসে ম্যারাথন দৌড়ের আয়োজন করে আয়োজনকারী শিশুস্বর্গ ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ ধরনের আয়োজনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে, সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন। দৌড়ে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সাথে তিনি প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে এসে প্রতিযোগিতা শেষ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পরে অডিটোরিয়াম চত্বরে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি। এসময় পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দ সহ জেলা প্রশাসনের ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্ব ডায়াবেটিকস দিবস উপলক্ষে সরকারি অডিটরিয়াম চত্বরে বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা, রক্ত পরীক্ষা ও ডায়াবেটিসের যারা আক্রান্ত তাদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies