আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়ন এর পূর্ব শাদিপুর সাহাপাড়া গ্রামে এ অভিযান চালায় কাহারোল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ দছির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির বাথরুম থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে ওই বাড়ি থেকে রবিউল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাহারোল থানা তে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১২। পরে আটক ব্যক্তিকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্র জানায়, দিনাজপুর–১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম এর নির্দেশনায় কাহারোলে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিমুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজা উদ্ধার করা হয়েছে।

