Type Here to Get Search Results !

এক পায়ে ভর করেই সংসার, বাসের চাপে রিকশা নষ্ট—মাসুদের পাশে দাঁড়াল মানুষ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের নলকুড়া গ্রামের বাসিন্দা মাসুদ। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন তিনি। একটি দুর্ঘটনায় হারিয়েছেন তার একটি পা, কিন্তু তবুও থেমে থাকেননি জীবনের সংগ্রামে। একজন দয়ালু ব্যক্তির সহায়তায় দানের টাকায় একটি রিকশা পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন মাসুদ। এক পায়ের ওপর ভর করে এবং দুই হাতে লাঠির সাহায্যে সেই রিকশা চালিয়েই পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ করে আসছেন তিনি। বুধবার (১১ মার্চ) দুপুরে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় এলাকায় ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। একটি যাত্রীবাহী বাসের পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বাসটি ব্যাক করলে চাপে মাসুদের রিকশার সামনের চাকার টিউব ও রিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর অসহায় মাসুদ কান্নায় ভেঙে পড়েন। রোজার এই পবিত্র মাসে তার কান্না উপস্থিত মানুষের হৃদয় স্পর্শ করে। পরে বাসের কন্টাক্টর, চেন মাস্টারসহ স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এসে তাৎক্ষণিকভাবে টাকা তুলে তার রিকশা মেরামতের ব্যবস্থা করার চেষ্টা করেন। চা দোকানদার শিমুল বলেন, সমাজে এখনো মানবতা বেঁচে আছে। গরিবের কষ্ট বুঝে গরিবেরাই আগে এগিয়ে আসে। রমজানের পবিত্র মাসে এই ঘটনাটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে এবং আবারও মনে করিয়ে দিয়েছে—মানুষ মানুষের জন্য।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies