নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ভারত থেকে আমদানি করা পাথরের ট্রাকের সঙ্গে আসা একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। পরে সেটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩১/২৩ আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়ুয়াপাড়া এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সন্ধ্যা প্রায় ৭টার দিকে ভারত থেকে আমদানিকৃত পাথরের একটি ট্রাক আনলোড করার সময় স্থানীয় শ্রমিক জিল্লুর রহমান মর্টার সেল সদৃশ একটি বস্তু দেখতে পান। লোহার বস্তু মনে করে তিনি সেটি ঝাড়ুয়াপাড়ায় নিজের বাড়িতে নিয়ে যান।
পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানানো হলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেল সদৃশ বস্তুটি উদ্ধার করে। পরে তেঁতুলিয়া মডেল থানার এসআই কমলেশ রায়ের নেতৃত্বে একটি পুলিশ টহল দলের কাছে উদ্ধারকৃত মর্টার শেলটি হস্তান্তর করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। পাশাপাশি আদালত ও সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তায় বিজিবি তৎপর রয়েছে। নিয়মিত অভিযানের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবান্ধা বিওপির সদস্যরা মর্টাল শেলটি উদ্ধার করে। পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
