Type Here to Get Search Results !

হারিয়ে যাওয়া রশিদা ফিরলেন স্বজনের কাছে, পাশে ছিল চিলাহাটি ওয়েব

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : দিশেহারা হয়ে বগুড়ার আলতাফনগর থেকে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে চলে আসা ৬০ বছর বয়সী রশিদা বেগম শেষ পর্যন্ত ফিরে পেয়েছেন তাঁর পরিবারকে।
মানবিক উদ্যোগ, সংবাদ প্রকাশ ও রেলওয়ে পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরেছেন তিনি।
সম্প্রতি রশিদা বেগম দিশা ভুল করে চিলাহাটি রেলস্টেশনে এসে অবস্থান করছিলেন। তিনি শুধু নিজের বাড়ি বগুড়ার আলতাফনগরের কথা বলতে পারছিলেন।
বিষয়টি নজরে আসার পর নীলফামারী জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল চিলাহাটি ওয়েব ডটকমের মাল্টিমিডিয়ায় তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি বিভিন্ন মহলের নজরে আসে। পরে বগুড়া ও আলতাফনগর থেকে একাধিক ব্যক্তি চিলাহাটি ওয়েবের সঙ্গে যোগাযোগ করে রশিদা বেগমের সন্ধান করেন।
এদিকে চিলাহাটি ওয়েবের সম্পাদক আপেল বসুনীয়া রশিদা বেগমকে নীলসাগর ট্রেনে তুলে দেন এবং সৈয়দপুর রেলওয়ে থানার টিজি পার্টির সদস্যদের সহযোগিতায় তাঁকে সান্তাহার রেলওয়ে থানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। 
একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ অব্যাহত রাখেন।
পরে চিলাহাটি ওয়েব ডটকমের প্রচেষ্টা এবং সৈয়দপুর রেলওয়ে পুলিশের সহযোগিতায় রশিদা বেগমের জামাই সান্তাহার রেলওয়ে স্টেশনে পৌঁছে তাঁকে বাড়িতে নিয়ে যান। 
দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে স্বজনের কাছে ফিরে যাওয়ায় রশিদা বেগমের পরিবার চিলাহাটি ওয়েব ডটকম এবং সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
একজন দিশেহারা নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগে আবারও ফুটে উঠেছে সংবাদমাধ্যমের মানবিক ভূমিকা।

Top Post Ad

Hollywood Movies