Type Here to Get Search Results !

ঘোড়াঘাট উপজেলায় গাঁজা চাষ, আটক ১

আফজাল হোসেন,ফুলবাড়ী, প্রতিনিধি ; দিনাজপুরের ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় গাঁজা চাষ। এ ঘটনায় আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাঁজার গাছ দুটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি আদা ক্ষেতের ভেতরে গিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আদা গাছের আড়ালে যতœসহকারে চাষ করা প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়। পুলিশের ধারণা, লোকচক্ষুর আড়ালে রাখতেই ওই জমিতে আদা চাষের পাশাপাশি গাঁজার গাছ লাগানো হয়েছিল। স্থানীয়দের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরে গাছ দুটি পরিচর্যা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পুলিশ গাছ দুটি জব্দ করে এবং ঘটনাস্থল থেকে আবু তালেবকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া গাঁজার গাছ দুটির আনুমানিক ওজন ১২ কেজি ও ৮ কেজি বলে জানিয়েছে পুলিশ। গাছ দুটির নমুনা পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদা ক্ষেতের আড়ালে চাষ করা দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক চাষ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies