Type Here to Get Search Results !

বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশ অংশে আসলে ধরে নিয়ে এসেছেন স্থানীয়রা। শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে তাকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা। ভারতীয় ওই নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩০)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, শনিবার সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশের একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন। এর আগে গত বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের ভাষ্য, তমিজ উদ্দীন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, আমার বাবা কিছুই করেনি। গরু খুঁজতে গেছে। আমার বাবা বয়স্ক লোক, শুনতে পায় না, চলতে পারে না। কীভাবে কী হয়েছে কিছুই জানি না। আমার বাবাকে ফিরে পেতে চাই। যদি আমার বাবাকে না দেয়, ভারতীয় সেই লোককে যেন ফেরত না দেওয়া হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা এই লোকটাকে দিয়ে দেব। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies