বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলায় অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২ মে) বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে বালিকা বিভাগে দক্ষিণ শাহবাজপুর আফসার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কোচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে চকশুলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কঠিন লড়াইয়ে চৌঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।
বালক বিভাগের ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। খেলায় প্রথমে গোল করে এগিয়ে যায় চৌঘরিয়া দল। পরে সমতা ফেরায় চকশুলবন। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। স্নায়ুচাপের সেই মুহূর্তে চকশুলবন দল আরো ১টি গোল দিয়ে মোট ২ গোলের অধিকারি হয়ে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হয়।
বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিতি ছিল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ ও নাজিম উদ্দিন, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনা করেন শ্রী ভোলানাথ সরকার, মোস্তাফিজুর রহমান মাসুম ও মুক্তি মাহমুদ খান এছাড়াও সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ। প্রাণবন্ত ধারাভাষ্যে পুরো আয়োজনটি উপস্থাপন করেন শামসুল আলম।
শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং ক্রীড়ার মাধ্যমে সুস্থ-সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার বার্তা পৌঁছে দেয়।
