চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে সরকারি কাজে বাধা ও উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) ডোমার থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে ভোগডাবুড়ী ইউনিয়নের ওয়ার্ড সদস্য আমিনা রহমানকে আটক করা হয়। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নে ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার বিতরণ চলাকালে ওই ইউনিয়নের ইউপি সদস্য আমিনা রহমান সেখানে উপস্থিত হয়ে সরকারি কাজে বাধা দেন। এ সময় চিলাহাটি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নূরনবী ইসলামের সঙ্গে তার বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়।
এ ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা নূরনবী ইসলাম বাদী হয়ে বুধবার (১১ মার্চ) ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নং–১০ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ চন্দ্র জানান, দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

