পঞ্চগড় ব্যুরো : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ের কারণে পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা পাল্টাতে বিশেষ করে খননের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার দুলাল তলী বাধ এলাকার খাল পূর্ণ খননের কার্যক্রমের পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের পানি উন্নয়ন বোর্ড সম্বন্ধে মানুষের একটা খারাপ ধারণা আছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি সেই পারসেপশন থেকে আমরা পানি উন্নয়ন বোর্ডকে ফিরিয়ে আনবো এবং আমাকে অনেকেই প্রশ্ন করে যে পানি উন্নয়ন বোর্ডের বিশেষ করে আমাদের যে টেন্ডারগুলো হয়, যে নদী খনন হয়, খাল খনন হয়, জলাশয় খনন হয়, সেই সময় দেখা যায় বর্ষার সময় সেই নদীতে আমরা আমাদের ব্লকেজগুলো ফেলি, যেগুলো আসলে কোন আমাদের কাজে আসে না।
তিনি আরো বলেন, আমরা বলতে চাই পানি উন্নয়ন বোর্ড কাজ করবে বিশেষ করে নদী, খাল, জলাশয় খননের ক্ষেত্রে ছয় থেকে সাত মাস। সেটা ফেব্রুয়ারি থেকে এপ্রিল অথবা মে পর্যন্ত। এর মধ্য দিয়ে আমরা কাজ সম্পন্ন করবো। বর্ষাকালে আমাদের জরুরি কোন বিষয় ছাড়া আমরা কোনো জায়গায়, আমরা কোথাও এই নদী খনন বা খাল খনন বা জলাশয় খননে এবং আমরা কোথাও কোনো ব্লক ফেলবো না। কাজেই আমি আশা বিশ্বাস করি আমাদের মন্ত্রণালয়ে যে পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনা বাস্তবায়ন করবো। শুধু বাস্তবায়ন করা না, পরবর্তীতে যেন যারা আবার সরকারে আসবেন তারাও যেন সুবাতাস পায় এটার জন্য এই কাজগুলো বাস্তবায়নের জন্য আমরা সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে দুর্নীতির ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী মহোদয়কে সাথে নিয়ে প্রত্যেকটি কর্মকর্তা ইঞ্জিনিয়ারকে বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়েছে।
ঐতিহাসিক পাথরাজ নদীর খাল ও দুলালতলীর বাঁধ পরিদর্শন নিয়ে সাংবাদিকদের বলেন, ১৯৮০ সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে খাল খনন কর্মসূচি থেকে শুরু করেছিলেন। আজকে পরিদর্শনে এসে আমরা দেখতে পাচ্ছি সেই খালটি ভরাট হয়ে আছে। এখন আর সেই খালের জায়গায় খাল নেই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার ছিল খাল ও নদী খননের এবং আমরা বিশ হাজার কিলোমিটারের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। সেই লক্ষ্যে পাথরাজ নদী আমরা আবার খনন করতে পারি এই লক্ষ্যে এলাকাবাসী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শন করেছি।
এর আগে, পাথরাজ নদীর খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পাথরাজ নদী ও খাল সম্পর্কে অবগত করেন।
এসময় পরিদর্শনে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
